৩১ আগস্ট ২০১২ - ১৪:০৭

ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ ও মিশরের প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসি একে অপরকে মধ্যপ্রাচ্যের 'কৌশলগত মিত্র' বলে আখ্যায়িত করেছেন।

বার্তা সংস্থা আবনা : ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ ও মিশরের প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসি একে অপরকে মধ্যপ্রাচ্যের 'কৌশলগত মিত্র' বলে আখ্যায়িত করেছেন।

রাজধানী তেহরানে বৃহস্পতিবার এক বৈঠকে মিশর ইসলামী প্রজাতন্ত্র ইরানের কৌশলগত মিত্র বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট আহমাদিনেজাদ। মিশরের সঙ্গে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়ানোর বিষয়ে ইরানের জনগণ ও ইরান সরকারের আগ্রহের কথাও তুলে ধরেন তিনি।

ড. আহমাদিনেজাদ বলেন, ইরান ও মিশরের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুরো মধ্যপ্রাচ্যের জনগণের স্বার্থেই জরুরি। তিনি আরো বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান তার অভিজ্ঞতা ও সুযোগ-সুবিধা মিশরের ভাইদের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে প্রস্তুত রয়েছে। বিজ্ঞান, প্রযুক্তি এবং বিশেষজ্ঞ পর্যায়ের লোকজন দিয়েও মিশরকে সহায়তা করতে ইরান প্রস্তুত বলে জানান প্রেসিডেন্ট আহমাদিনেজাদ।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইহুদিবাদী ইসরাইল এবং পশ্চিমা বলদর্পী শক্তির অনুসৃত নীতি মধ্যপ্রাচ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে। এসব বলদর্পী শক্তি কখনো চায় না স্বাধীনতা ও ন্যায়বিচারকামী দেশগুলো উন্নত এবং শক্তিশালী হয়ে উঠুক।

প্রেসিডেন্ট আহমাদিনেজাদ মধ্যপ্রাচ্যে রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেছেন তবে এ সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের সময় যথেষ্ট সতর্কতার প্রয়োজন রয়েছে উল্লেখ করেন।

ড. মাহমুদ আহমাদিনেজাদ বলেন, সিরিয়াসহ আঞ্চলিক সমস্যা সমাধানে ইরান ও মিশর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সিরিয়া সঙ্কটের বিষয়ে যে কোনো ধরনের মধ্যস্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, মধ্যস্থতার একমাত্র লক্ষ্য হতে হবে দেশটিতে রক্তপাত বন্ধ করা এবং জনগণের ইচ্ছা অনুযায়ী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা।

সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে ন্যাটো ও অন্য বলদর্পী শক্তি হামলা চালানোর সুযোগ না পায়।"

বৈঠকে ড. মুরসি বলেন, "ইরানকে কৌশলগত মিত্র বলেই মনে করে মিশর এবং ভবিষ্যতে আঞ্চলিক ঘটনাবলীতে সবাই ইতিবাচক ভূমিকা রাখতে পারবে বলে কায়রো বিশ্বাস করে।"

তিনি জানান, ইরানের জনগণের মতো মিশরের জনগণও বন্ধুত্ব ও অভিন্ন স্বার্থকে একইভাবে অনুভব করে। ইরানের উন্নয়ন ও প্রবৃদ্ধির প্রতি মিশরের জনগণ সম্মান দেখায় বলেও তিনি মন্তব্য করেন।

আঞ্চলিক সমস্যা সমাধানে প্রেসিডেন্ট মুরসি সম্মিলিত প্রচেষ্টা জোরদারের কথা বলেন এবং সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে তিনি ইরানের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক দেশের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।#

(সূত্র : রেডিও তেহরান)